60
Sharesসিলেটে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়া কিশোরী বিপাশা দে দিয়া অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ৮টার দিকে সে বাড়িতে ফেরে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, আইনজীবী বিপ্লব কান্তি দে মাধব।
তিনি জানান, ‘অভিমান করে বিপাশা এক আত্মীয়ের বাসায় চলে গিয়েছিল। পরে সুস্থ অবস্থায় সে পরিবারের কাছে ফিরে আসে।’
পূর্বের সংবাদ- সিলেটে এসএসসি পরীক্ষার্থী বিপাশা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার |
মেয়ের ফিরে আসার খবর জানিয়ে শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে বিপ্লব কান্তি দে মাধব লেখেন, ‘স্রষ্টা মহান। আমাদের আদরের সন্তান বিপাশা দে দিয়া অভিমান করে আত্মীয়ের বাসায় চলে গিয়েছিল। সে ফিরে এসেছে। আপনাদের সবার সহযোগিতা, সহমর্মিতা ও দোয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার পর থেকে বিপাশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
বিপাশা দে দিয়া সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা। সে এ বছর সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরিবারের কাছে নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন স্বজনরা।
ওয়াইএফ/০২