27
Sharesপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে। সরকার এই লক্ষ্যে কাজ করছে।’ তিনি বলেন, ‘এই অঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। শুধু বিদেশ লোক পাঠালেই হবে না, একটু প্রশিক্ষণ করা লাগবে। ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে।’
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ অভিবাস ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এই অঞ্চলের মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। শুধু বিদেশ লোক পাঠালেই হবে না, একটু প্রশিক্ষণ করা লাগবে। ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে।’
এজন্য সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তবে শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থীও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। বিদেশগামীদের ভাষা দক্ষতা বাড়াতে ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শিখতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করার পর বৈধ পথে বিদেশ যেতে হবে।’
এ সময় মন্ত্রী ভূমধ্যসাগরে নিহত অভিবাসন প্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামিদের এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের এসপিকে নির্দেশ দেন। একইসঙ্গে দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগর পথে বিদেশে যাওয়া প্রতিরোধ করতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা চালাতে হবে; মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে বলে জানান তিনি।
আরিফুল হক বলেন, যে ৯ জন সাগরে মারা গেলেন পাশাপাশি আরও যারা মারা গেলেন। তারা কোথা থেকে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এর সাথে জড়িত যে চক্র আছে, এসব তথ্যসহ সবকিছু আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন। শুধু তথ্য দিলেই হবে না, তারা প্রবাসে থাকলেও আমাদের তাদের ডাটা দিতে হবে। আমরা ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের সেখান থেকে ধরে নিয়ে আসব।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।
ওয়াইএফ/০১