সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

অগাস্ট / ২২ / ২০২৬


তেলবাহী ট্রাকের ধাক্কা, ওসমানীনগরে ফের সড়কে ঝরল ৪ প্রাণ


36

Shares


সিলেটের ওসমানীনগর উপজেলায় মাত্র ১৫ দিন আগে দুই বাসের সংঘর্ষে শিশুসহ অকালে ঝরেছিল ৯ প্রাণ। সেই দুর্ঘটনার ক্ষত শুকানোর আগে এবার একই উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। 

নিহতরা হলেন-জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী এলাকার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী, তার স্ত্রী ও তাদের মেয়ে, শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) সঙ্গে ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪)  ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে অটোরিকশার চালকসহ সাত যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক (পদ্মা ডিপো) উল্টোপথে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।

এর আগে গত ৭ আগস্ট সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার কাসিপাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছে। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাস রাস্তা থেকে ছিটকে যায়। নিহতদের সবাই এই বাসের যাত্রী ছিল। 

ওসমানীনগর উপজেলার কাসিকাপন এলাকায় ঢাকামুখী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৯ যাত্রী মারা যায়। তার মধ্যে ঘটনাস্থলে ৭ জন এবং হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরো দুজন মারা যায়। আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।


ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ