সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

অগাস্ট / ২৪ / ২০২৬


সিলেটে বেড়াতে এসে সড়কে প্রাণ ঝরল কিশোরীর


27

Shares


সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে অটোরিকশা যাত্রী কিশোরীর নিহত হয়েছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের মেইন গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাসনিম রাজধানীর যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। নুসরাত তার মামা ও খালার সঙ্গে সিলেটের জাফলংয়ে ঘুরতে এসেছিলেন। এ ঘটনায় একই অটোরিকশায় থাকা আরো তিনজন আহত হয়েছেন। 

আহতরা হলেন- মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) এবং কুলসুম বেগম (৫৫)। তারা সকলেই ঢাকা যাত্রাবাড়ীর ধলাইপাড়ের বাসিন্দা। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলীর বোন ও ভাগনিদের নিয়ে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশা যোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডসের মেইন গেইট এলাকায় পৌঁছালে সিলেটগামী গেইটলক বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নুসরাত প্রাণ নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর সিলেট মেট্রো-ব-১১-০০১৪ এবং সিএনজিচালিত অটোরিকশাটির নম্বর সিলেট-খ-১২-৫৯৭৮। দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ