67
Sharesজাতীয় নাগরিক পার্টির-এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারি বলেছেন, ‘তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি এজন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না। চুপ থাকব।’ এসময় হবিগঞ্জে সংঘর্ষে গুরুতর আহত দলীয় কর্মী আলিফের বিষয়টি ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে বলেন, ‘প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফিরত দিন। আমরা চুপ হয়ে যাবো, আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান।’
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গতকাল (বুধবার) রাতে মামলা করেছি। সেখানে অনেকে হাত ভেঙ্গে দেওয়া হয়েছে, চোখ তোলা হয়েছে, যারা এসব করেছে-ভিডিও ফুটেছে ষ্পষ্ট তা আছে। আমরা গতকাল অভিযোগ দিয়েছি। সেই অভিযোগে আবার সংশোধন আসবে। কারণ একজন ব্যক্তির নাম তাতে আছে, যে ভিডিও ফুটেজে ছিল না। সংশোধন চলে আসলে আমরা আজকেই জিআর কোর্টটা পেয়ে যাব।’
দেশে বিচারহীনতার সংস্কৃতির অবসান হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশা করব, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন উনারা বিচার করবেন।’ তিনি সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি একজন এইচএসসি শিক্ষার্থী, যে কাউকে কখনো মারতে যায়নি, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখনো অপারেশন থিয়েটারে আছে। আপনি কি পারবেন তার চোখটি ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না।’
এসময় তিনি প্রধামন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আমরা এটুকুই বলব, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফিরত দিন। আমরা চুপ হয়ে যাবো, আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। প্লিজ দয়া করে আমাদের চোখটা দিয়ে দেবেন আপনি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খবর আসে গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহর হামলার শিকার হয়েছে। সেটা জানার পর নাসিরউদ্দীন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, ‘আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি নাকি কথা বলি, এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’
এর আগে শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়; এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে।’
তিনি বলেন, ‘দেশের অন্য কোথাও নির্বাচন হয়েছে কি না, সেটি বড় বিষয় নয়। শাবিপ্রবির শিক্ষার্থীদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে হবে। এমন প্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন, যারা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন এবং কারও কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দেবেন না।’
বক্তব্যে তিনি শাবিপ্রবির ঐতিহ্য ও শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন। বলেন, ‘দেশের প্রতিটি জাতীয় সংকটে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের অবদান রয়েছে।’ শাবিপ্রবির আন্দোলনে নিহত রুদ্র সেনের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের।