খেলাধুলা



ক্রীড়া ডেস্ক

অগাস্ট / ০৮ / ২০২৬


বাবা হারানো মেসির পাশে বার্সেলোন-রিয়াল মাদ্রিদ


54

Shares

লিওনেল মেসির ক্যারিয়ারের গল্পে হোর্হে মেসির নামটি আলাদা করে লিখতেই হয়। মাত্র ১৩ বছর বয়সে ছেলের এজেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে মেসির ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে পাশে ছিলেন তিনি। বার্সেলোনায় মেসির আগমন থেকে শুরু করে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠা, পুরো পথেই নেপথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন হোর্হে।

তাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক জানিয়েছে মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ বিশ্বের ফুটবলের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। মজার ব্যাপার হলো, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আগে হোর্হের মৃত্যুতে মেসিকে সমবেদনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ, এর সভাপতি এবং পরিচালনা পর্ষদ লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমাদের ক্লাব লিওনেল মেসি, তাঁর পরিবার ও সকল প্রিয়জনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

এর কিছুক্ষণ পর শোক প্রকাশ করে বার্সেলোনাও।

কাতালান ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘এফসি বার্সেলোনার সভাপতি এবং পরিচালনা পর্ষদ বার্সেলোনার খেলোয়াড় ও কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীরতম শোক প্রকাশ করছে। সকল বার্সেলোনা ভক্তের পক্ষ থেকে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

বার্সেলোনা শুধু সমবেদনাই জানায়নি, মেসির ক্যারিয়ারে হোর্হের অবদানের কথাও স্মরণ করেছে।

ক্লাবটি বলেছে, ‘বার্সেলোনা হোর্হে মেসিকে আমাদের ক্লাবের প্রতি তাঁর অঙ্গীকার এবং তাঁর ছেলে লিওর ফুটবল ক্যারিয়ারের শুরুতে ও যে বছরগুলোতে তাঁর ক্যারিয়ার উজ্জ্বলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, সেই বছরগুলোতে আমাদের ওপর তাঁর আস্থার জন্য ধন্যবাদ জানায়।’

শেষে কাতালান ক্লাবটি লিখেছে, ‘শান্তিতে বিশ্রাম নিন।’

আরসি-০৩

খেলাধুলা