দেশজুড়ে



নরসিংদী সংবাদদাতা

জুলাই / ২৫ / ২০২৬


ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার


106

Shares


নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে  ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, ডা. রাজিব দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার তাকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব)-এ পাঠানোর উদ্যোগ নেন। তবে বিভিন্ন চেষ্টা সত্ত্বেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত তিনি পুলিশের অভিযানে ধরা পড়েন।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘অভিযানে রাজিব নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাকে আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।


এসএইচ-০১/এএফ-০৩

দেশজুড়ে