189
Sharesঢাকাই সিনেমার সুদর্শন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। গেলো ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'। এতে নায়কের সঙ্গী ছিলেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হলমালিকদের মুখে হাসি ফুটেছে। সিনেমাটি ঘিরে এরইমধ্যে ভক্তদের ব্যপক সাড়া পেয়েছেন নায়ক।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'জয় বাংলা' সিনেমার শুটিং করছিলেন বাপ্পী। সেখানে এসে ভিন্ন এক ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। টিএসসিতে শুটিংয়ের ফাঁকে এক নারী ও পুরুষ এসে তাকে জড়িয়ে ধরেন।
নায়কের প্রতি তাদের ভালোবাসার কথা জানান। এমনকি তারা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' সিনেমাটিও দেখেছেন বলে জানিয়েছেন। তাদের সঙ্গে তোলা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করে সেই ঘটনাটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা। বাপ্পী লিখেছেন, 'স্বাভাবিক এই পৃথিবীতে কিছু মানুষের জীবন অস্বাভাবিক।
তাদের কাছে জীবন কঠিন, জীবন জটিল। ছবির মানুষ দুজনকে দেখেই বোঝা যাচ্ছে আমার কিংবা আপনার থেকেও কয়েকগুন কষ্ট তাদের বুকের মধ্যে। কিন্তু এই কষ্টের ভেতর নাকি আমার ছবি তাদের হাসায়, আমার ছবি তাদের আনন্দ দেয়, আমার ছবি তাদের বিমোহিত করে। জীবন ধন্য মনে হয় এদের ভালোবাসা পেয়ে।
এরাই বাঁচার অনুপ্রেরণা, কাজের অনুপ্রেরণা।' তিনি আরও লেখেন, ''ছবির ভাইটি বলছিলো, 'ভাইজান, আমি কিন্তু আপনার সুপারগ্লু ফ্যান'। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ এর সেই 'সুপারগ্লু প্রেমিক' শব্দটাও যে এমন কেউ ট্যাগলাইন হিসেবে ব্যবহার করবে তা ভাবিনি। ভালোবাসা আমার সব দর্শকদের জন্য।''