সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

মে / ০৫ / ২০২১


প্রধানমন্ত্রীর বাড়ি

সিলেটের যত পরিবার জুনে বাড়ি পাচ্ছে


358

Shares

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আধা-পাকা বাড়ি পাচ্ছে সিলেট বিভাগের আরও ১ হাজার ৯৭৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।

দ্বিতীয় পর্যায়ে সারা দেশে মোট ৫৩ হাজার ৪৩৪টি বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছেন প্রায় ৭০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। সোমবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

এ সময় আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন।

দেশের সব বিভাগীয় কমিশনার, উপ-কমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি বৈঠকে সংযুক্ত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি দেওয়া হবে।

বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোনোরকম ব্যত্যয় ছাড়া গুণগতমান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। এ সময় জানানো হয়, আগামী বছর সরকার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ১ লাখ ২৫ হাজার বাড়ি বিতরণ করবে। বর্তমানে দ্বিতীয় ধাপের বাড়িগুলো নির্মাণের পাশাপাশি আগামী বছর যে ১ লাখ ২৫ হাজার বাড়ি দেবে সরকার, সেগুলোর নির্মাণে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের।

সিলেট প্রতিক্ষণ