সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


sylhet city

সিলেটে ভিনদেশি তরুণী মাশা’র মুখে বাংলা ভাষা


137

Shares

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস। ১৯৫২'র এই দিনে আত্মদানকারী ভাষা শহিদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সিলেট কেন্দ্রীয় শহিদমিনার জড়ো হয়েছেন অগণিত লোকজন।

তাদের সাথে শ্রদ্ধাজ্ঞাপনে সামিল হয়েছেন ভিনদেশিরাও। তাদেরই একজন জার্মান তরুণী মাশা স্যুলৎজ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে দেখা গেল তার প্রাণবন্ত উপস্থিতি। মাশা গেল কয়েকবছর আগে গবেষণার কাজে সিলেটে অবস্থান করেছেন দীর্ঘসময়। বাংলাদেশে থেকে এই দেশের ভাষাকে রপ্ত করেছেন ভালোভাবে। ভালোবাসেন সিলেটকেও।

এখানকার সংস্কৃতিকর্মীদের সাথে বেশ পরিচয় তার। যখন তার সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে কথা হয় তখন তার চোখেমুখেও এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। শুরুতে ইংরেজি ভাষায় পরিচিত হতে গিয়ে বাধা দিলেন মাশা, জানালেন বাংলা ভাষায় ভালো কথা বলতে পারেন তিনি। দিবসটি সম্পর্কে জানেন কি না এমন প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসের সাথে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালে এই দিনে বাঙালি তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন জানিয়ে তিনি বলেন, এখানে এসে তার খুবই লেগেছে। তিনি এর আগে যখন সিলেটে ছিলেন প্রতিবারই নানা জাতীয় দিবসে শহিদমিনার এসেছেন। মহান বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, বাংলা নববর্ষের নানা আয়োজনে মানুষের প্রাণবন্ত উপস্থিতি দেখতে ভালো লাগে বলেও জানান তিনি।

সিলেট কেমন লাগে প্রশ্নের উত্তরে জানান, এই শহরে দীর্ঘদিন তিনি অবস্থান করেছেন। এখানকার পথঘাট আর লোকজন অনেককেই তার চেনা। সিলেট তার ভালো লাগে বলে জানান জার্মান এই তরুণী।

সিলেট প্রতিক্ষণ