79
Sharesসেমিস্টারের শেষ ক্লাস ও ল্যাব শেষ করে সহপাঠিরা তা কেক কেটে উদযাপন করলেন। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই উদযাপন বিষাদে রূপ নিল। উদযাপন শেষে বন্ধুরা মিলে গিয়েছিলেন সুইমিংপুলে সাঁতার কাটতে। সেখানে ডুবে মৃত্যু হলো দীপাঞ্জন ঘোষ প্রিয়ম নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নগরের চৌকিদেখী এলাকায় ব্রিটানিয়া সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রিয়ম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের কৃষ্ণ দুলাল ঘোষের ছেলে। তাঁর পরিবার ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় বসবাস করে।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় চৌকিদেখী এলাকার ব্রিটানিয়া সুইমিং পুলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নামেন প্রিয়ম। এক পর্যায়ে তিনি সুইমিং পুলের পানিতে তলিয়ে যান। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বলেন, ‘সেমিস্টারের শেষ ক্লাস ও ল্যাব শেষ করে বিকেলে ব্যাচমেটরা মিলে কেক কেটে উদযাপন করেন। এরপর পাঁচ বন্ধু মিলে ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে যান। একপর্যায়ে প্রিয়ম পানিতে তলিয়ে যায়। সে সাঁতার না জানায় দুর্ঘটনার শিকার হয়েছে, তা সঙ্গীরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি। পানিতে ভেসে ওঠার পর সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রক্টর বলেন, ‘পরিবারের সদস্যরা রাতের ফ্লাইট মিস করায় সড়ক পথে রওনা দিয়েছেন। পৌঁছাতে সকাল হয়ে যাবে বলে আপাতত মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সকালে স্বজনেরা পৌঁছালে তাদের চাহিদা অনুযায়ী ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তারা চাইলে ময়নাতদন্ত হবে, অন্যথায় পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে। প্রশাসন এতে সর্বাত্মক সহযোগিতা করবে।’
ক্যাম্পাসে মরদেহ আনা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি পরিবার ও বিভাগের মতামতের ওপর নির্ভর করবে। বন্ধুবান্ধবদের দাবি থাকলে সে অনুযায়ী সহযোগিতা করা হবে।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।’
ওয়াইএফ/০১