99
Sharesশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে গ্রাফিতি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গ্রাফিতি আঁকার মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীদের এসব প্রতিবাদী গ্রাফিতি আঁকতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা লিখেছেন ‘শাকসু চাই শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’, ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেবে সাধ্য কার’, এমন নানা দাবি-সংবলিত স্লোগান।
গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হুসেন রিমন বলেন, "প্রশাসনকে অবহিত করার জন্যই আমাদের এই কর্মসূচি। গত তিন মাস ধরে প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করছি, কিন্তু নির্বাচন বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। প্রশাসন কেবল 'ক্ষমতায় আসার মাত্র তিন মাস হয়েছে' এমন অজুহাত দিচ্ছে। আমরা চাই অবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক; অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।"
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শাকসুর ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী নির্বাচন স্থগিত করতে হাইকোর্টে রিট করেন। নির্বাচনের একদিন আগে (১৯ জানুয়ারি) আদালত চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করেছিলেন।
এইচএইচ/এএফ-০২