108
Sharesমাগুরা-১ আসনের সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে শহরের কেশব মোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়ির সামনে একাধিক বোমা বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার বাড়ির দোতলার জানালার কাচ ভেঙে যায়।
সাকিব আল হাসানের প্রতিবেশী আহসান হাবিব জানান, রাতে বেশ কয়েকজন যুবক সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সেখানে একাধিক বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া বাড়ির গেটের সামনে পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে ওই যুবকরা। পরে দ্রুত পুলিশ এলে দৌড়ে পালিয়ে যায় তারা।
আহসান হাবিব আরও জানান, সাকিব আল হাসানের বাড়িটি হাই-সিকিউরিটিস হওয়ায় হামলাকারী যুবকরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। যে কারণে তারা গেট ভেঙে বাড়ির ভেতরে ঠুকতে পারেনি। তবে তারা বাড়ির সামনে পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। গত বছর ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর ওই বাড়িতে কেউ বসবাস করেন না।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রাত ৯টার দিকে সাকিব আল হাসানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তারা ইটপাটকেল ও একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। তবে তারা ভেতরে প্রবেশ করতে না পারায় বাড়ির সামনে পেট্রোল দিয়ে আগুন ধরানের চেষ্টা করে। কারণ, সেখানে পেট্রোল দিয়ে আগুন ধরানের আলামত পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল, তবে কিছুক্ষণ আগে পুলিশ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানান ওসি আবদুল্লাহ আল মামুন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াইএফ/০২