সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

সেপ্টেম্বর / ০৭ / ২০২৬


রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল


87

Shares


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার সিলেট সফরে আসছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁর সিলেট সফরের কথা রয়েছে। সফরকালে তিনি সিলেট দুই ওলীর মাজার জিয়ারত ও সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়েছে। 

সভায় জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন। সফরকালে প্রথমেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরণের (রহ.) মাজার জিয়ারত করবেন। একই দিন বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত তাঁকে নিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায়ই তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

সভায়, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরের রাস্তাগুলোকে চলাচল উপযোগী রাখা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সিলেটজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সফর প্রসঙ্গে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি রাজনৈতিক ময়দানে একজন নির্যাতিত ও নিপীড়িত মানুষ। বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। মহামান্যের এই আগমন ঘিরে আমাদের মাঝে আনন্দ বিরাজ করছে। রাষ্ট্রপতির এই আগমনকে স্মরণীয় করে রাখতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’


ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ