76
Sharesসিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রানওয়েতে পাখি তাড়াতে গুলি ছোঁড়লে তাতে ওই কর্মী আহত হন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়েতে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় তিনি একটি গাড়িতে করে রানওয়েতে টহল দিচ্ছিলেন। রানওয়ের আশপাশে পাখি দেখতে পেয়ে সেগুলো তাড়াতে তিনি শর্টগান দিয়ে গুলি ছোড়েন। ওই গুলি গিয়ে কাছাকাছি থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমেদের কোমরে লাগে। এতে তিনি আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, রানওয়েতে পাখি তাড়ানোর সময় গুলি ছোড়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী, গুলি ছোড়ার আগে গাড়ি থেকে নেমে গুলি করার কথা। তবে ওই আনসার সদস্য গাড়িতে বসেই গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। পরে গুলিটি রুবেলের কোমরে লাগে।
গুলি লাগার বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ বলেন, ‘গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, এটি অসাবধানতাবশত হয়েছে। পাখি তাড়ানোর জন্য আনসার সদস্য গাড়ি থেকে নামার সময় এটি হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গুলিটি তার মাংসে লেগেছে। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন।’