358
Sharesবিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতারের দুই দিনের মাথায় জাকিরুল আলম জাকির (৪১)-কে অস্বীকার করে বসলো সিলেট মহানগর যুবলীগ।
মঙ্গলবার (৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, ‘জাকির মহানগর যুবলীগের কোনো কর্মী নয়’। বিবৃতিতে বলা হয়- ‘কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ২০১৯ সালের ২৭ জুলাই’র সম্মেলনে সরাসরি নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আমাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে মহানগর যুবলীগের কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে র্যাবের হাতে আটক হওয়া জাকিরুল আলম জাকিরকে সিলেট মহানগর যুবলীগের কর্মী হিসেবে মনে করছেন এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার করা হচ্ছে। মূলত জাকিরুল আলম জাকির সিলেট মহানগর যুবলীগের কেউ নয়।
সিলেট মহানগর যুবলীগে কোনো সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদকাসক্তের স্থান নেই।’ তবে মোগলাবাজার থানার কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে জাকিরুল আলম জাকির (৪১) সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন। তার ফেসবুক আইডিতেও তিনি নিজেকে মহানগর যুবলীগের সিনিয়র সদস্য দাবি করে টাইমলাইনে পোস্টার সেঁটে রেখেছেন। এছাড়া তিনি কুচাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। রোববার দিবাগত (৩ মে) রাত সাড়ে ১২ টার দিকে নগরীর মালনীছড়া চা বাগান এলাকা থেকে ১০ গ্রাম হেরোইন, একটি বিদেশি রিভলবার ও দুইটি গুলিসহ জাকিরকে আটক করে র্যাব-৯। পরে সোমবার দুপুরে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, আটকের দুই দিনের মাথায় মহানগর যুবলীগ বিবৃতি দিয়ে জাকিরকে সংগঠনের কর্মী নয় বলে দাবি করায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য- মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠন করা হয়নি। গঠন করা হলে জাকির কমিটিতে স্থান পাবেন না- এমন নিশ্চয়তা নেই।
সর্বোপরি জাকির মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কমিটিতে এখনও তাঁর ঠাঁই হয়নি। তাই স্বভাবিকভাবেই তিনি যুবলীগের কর্মী। উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার আহ্বায়ক’ ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য দাবি করা জাকিরুল আলম জাকির।