171
Sharesরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের জনগণের কাছে গভীর ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ান জনপ্রিয় অভিনেত্রী ইরিনা স্টারশেনবাউম। গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একটি কালো ছবি পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। '
এই যুদ্ধ কেবলই যন্ত্রণা নিয়ে আসবে' উল্লেখ করে ইরিনা বলেন, 'আমরা কিভাবে সেই জায়গায় পৌঁছালাম? তাহলে আমরা কেন প্রতি ৯ মে স্মরণ করি যে, যুদ্ধ আমাদের কত বেদনা ও ক্ষতি করেছিল? আমি এটা বিশ্বাস করতে চাই না এবং এটা পছন্দ করিনি।' তিনি আরও বলেন, 'কোনো কিছুই যুদ্ধকে সমর্থন করবে না এবং আজকের সকালে সব ব্যথা এবং ভয়াবহতা প্রকাশের মতো কোনো শব্দ নেই আমার কাছে।
ইউক্রেনীয়রা, আমার অসহায়তার জন্য ক্ষমা করুন আমাকে। এই জঘন্য সংঘাতের অবিলম্বে অবসান কামনা করছি।' শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘর্ষে এ পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে।
মন্ত্রণালয়টি দাবি করেছে, রাশিয়া সূচনালগ্ন থেকে তার কোনও সশস্ত্র সংঘাতে লড়াইয়ের সময় এত বেশি হতাহতের শিকার হয়নি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের কেন্দ্রস্থল থেকে ৯ কিলোমিটার দূরের ওবোলোন এলাকায় রাশিয়ার ট্যাংক চলতে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সৈন্যরা শহরের মধ্যে ঢুকে পড়েছে। সূত্র: উইন