90
Sharesপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের দুই দশকেরও বেশি সময় পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন জেমিমা গোল্ডস্মিথ। সপ্তাহান্তে এক ঘরোয়া অনুষ্ঠানে আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রাইলিকে বিয়ে করলেন পুরস্কারজয়ী চিত্রনাট্যকার ও প্রযোজক জেমিমা।
৫২ বছর বয়সী জেমিমার স্বামী ক্যামেরন ও’রাইলির বয়স ৬২ বছর। তিনি প্রয়াত আইরিশ ব্যবসায়ী, মিডিয়া টাইকুন ও আন্তর্জাতিক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্টনি ও’রাইলির ছেলে।
চলচ্চিত্র ও তথ্যচিত্রে কাজের সূত্রে জেমিমার সঙ্গে ক্যামেরনের পরিচয় হয়। পরে প্রায় এক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল।
জেমিমা ১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেন। ৯ বছরের দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সাবেক দম্পতির দুই ছেলে- সুলাইমান ও কাসিম খান।
বিচ্ছেদের ২২ বছর পরও ইমরান খানের কারাবাস এবং তার সঙ্গে করা আচরণ নিয়ে সম্প্রতি জেমিমা সোচ্চার হয়েছেন। গত মাসে ইমরান খানের বিষয়ে প্রকাশ্যে কথা বলার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তার আটক থাকার পরিস্থিতিকে ‘মানবাধিকার জরুরি অবস্থা’ হিসেবে বর্ণনা করে ইমরানের স্বাস্থ্য, একাকিত্ব এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেমিমা।
জেমিমার আত্মীয় জেমিমা জোন্সের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে তার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।
বেন গোল্ডস্মিথের স্ত্রী জেমিমা জোন্স উদযাপনের পোশাকে বেনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় মানুষটির সঙ্গে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি। কী আনন্দের একটি দিন!’
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমার অভিনেতা হিউ গ্রান্টের সঙ্গে সম্পর্ক ছিল। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তাদের সম্পর্ক স্থায়ী হয়। পরে কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড এবং ‘দ্য ক্রাউন’-এর নির্মাতা পিটার মরগ্যানের সঙ্গেও তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
ক্যামেরন ও’রাইলিকে বিয়ের মধ্য দিয়ে ইমরান খানের সঙ্গে ৯ বছরের দাম্পত্য জীবনের অবসানের ২২ বছর পর নতুন করে সংসার শুরু করলেন জেমিমা। এটি তার দ্বিতীয় বিয়ে।
জিও নিউজ/ওয়াইএফ-০৩