সিলেট প্রতিক্ষণ



দেশদপর্ণ প্রতিবেদক

অক্টোবর / ০২ / ২০২৬


দক্ষিণ সুরমার সিলামে তরুণ খুন


75

Shares


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় রাসেল শাহ্ (২৩) নামে এক তরুণ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। নিহত রাসেল সিলামের শারুক মিয়ার ছেলে।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকাল তিনটার দিকে উপজেলার মোগরাবাজার থানাধীন সিলামের চকের বাজারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সমবয়সীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। দুই তিনদিন আগে মারামারির ঘটনাও ঘটে। এর জেরে শুক্রবার রাসেলকে ডেকে সিলামের চকের বাজারের কাছে খালি জায়গায় নিয়ে যান দুই তরুণ। সেখানে তাকে উপর্যুপরি ধরালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলার সময় তার চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে রাসেলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খুনের খবর ছড়িয়ে পড়লে রাসেল শাহের শেখপাড়া গ্রামের শাহ বংশ ও প্রতিপক্ষ শেখ বংশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) মাজার মসজিদ ওয়াকফ এস্টেট নিয়ে ওই দুই বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এই জেরে গত ২১ আগস্ট ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। বিষয়টি আপোষ মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং বিরোধীয় বিষয়টি মীমাংসার জন্য নয় পাড়ার মুরব্বিয়ানদের কাছে প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার জেরেও এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা অনেকের।

ছুরিকাঘাতে খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি দেশদর্পণ-কে বলেন, ‘কথা কাটাকাটি বা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সূত্রপাত হতে পারে, এরকম জেনেছি। আগে যে মাজার বা মসজিদ নিয়ে যে ঝামেলা ছিল সেটার তো একটা মীমাংসা হয়ে গিয়েছিল। তারপরও আমরা সব দিক খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ বলা যাবে।’ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।



ওয়াইএফ/০৩


সিলেট প্রতিক্ষণ