সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ২৪ / ২০২৬


দেশের গণমাধ্যম ও বিচার বিভাগ, কোনোটাই স্বাধীন নয়: জামায়াতের আমির


80

Shares


বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দুইটা স্বাধীনতা খুব ঘন ঘন ঘোষণা করা লাগে, এক মিডিয়া স্বাধীন, আরেক হলো বিচার বিভাগ স্বাধীন। দুইটা সম্পূর্ণ মিথ্যা। কখনই এদেশে মিডিয়া এবং বিচার বিভাগ স্বাধীন ছিল না।’

এসময় নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যের বাড়ি বাংলাদেশে না। তারা এদেশের কোনো খোঁজ খবর রাখেন না।’

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গণমাধ্যম মিথ্যা সংবাদ ছাপা হলে আমরা জিজ্ঞাস করলে তারা বলেন, খুব চাপে আছি। অথচ সবসময় সরকার এসে বলে গণমাধ্যম এখন স্বাধীন। দুইটা স্বাধীনতা খুব ঘন ঘন ঘোষণা করা লাগে, এক মিডিয়া স্বাধীন, আরেক হলো বিচার বিভাগ স্বাধীন। দুইটা সম্পূর্ণ মিথ্যা। কখনই এদেশে মিডিয়া এবং বিচার বিভাগ স্বাধীন ছিল না।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আপনাদের কাজ করতে হয়। এমনকি আপনারা অনেক সময় সংবাদ লিখে পাঠালে অফিস ছাপে না। জিজ্ঞাস করলে বলে, ভাই চাপে আছি। উপরের চাপ। এই উপরটা কি জিনিস সবাই বুঝে, কিন্তু কেউ বলে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা স্বাধীন দেশে যেরকম চলছে এটা আসলে চলে না।’

একই দিনে ঢাকা নির্বাচন কমিশনের কার্যালয়ে স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এসময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সুযোগ দেখছে না ইসি।’ পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু করা যাবে বলে আশা করছে কমিশন।’ 

এ বিষয়ে জামায়াতে ইসলামের আমীরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য যারা তাদের বাড়ি বাংলাদেশে না। তাদের বাড়ি দুনিয়ার অন্য কোনো দেশে। যার কারণে বাংলাদেশের কোনো খোঁজ খবর উনারা রাখেন না। এর বেশি আমার বলার নেই।’ 

নির্বাচন কমিশনের এমন উত্তর হাস্যকর মন্তব্য করে তিনি এসময় বলেন, ‘হাস্যকর উত্তর এগুলো। উনারা আগে জানতেন না- নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বিভিন্ন লেভেলে বিভিন্ন পরীক্ষা থাকে, চলতেই থাকে। সারা বছর ধরেই চলতে থাকবে, কোনো না কোনো পাবলিক এক্সাম আছে। এটা হলো সিলি আনসার, মুখ বাঁচানোর জন্য তারা বলেছেন। আসলে আমাদের দুঃখ হলো এই জায়গায়, আমাদের নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা মজবুত নয়, দুর্বল মেরুদণ্ড।’


ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ