সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ০৮ / ২০২৬


দেশে ফিরছিলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত


108

Shares


দীর্ঘদিন ধরে প্রবাসে তারা। দেশে স্বজনরা তাদের ফেরার অপেক্ষায়। অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো। পাসপোর্ট, টিকেট নিয়ে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে রওয়ানা হন চার বাংলাদেশি। কিন্তু বিমানবন্দর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি দিতে হলো তাদের। এ নিয়ে তিন মাসে উপজেলার ১০ প্রবাসীর মৃত্যু হলো সড়কে।

নিহত ৪ জনের মধ্যে মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা হলেন- নিহত খালেদ ও করিম দুজনের বাড়ি উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে সৌদি আরবের তায়েফের আল-খুরমা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তারা দুইজনসহ ৪ বাংলাদেশি প্রবাসী নিহত হন। 

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, করিম ও খালেদ দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। লাগেজ গুছিয়ে দেশে থাকা প্রিয়জনদের কাছে ফিরতে তায়েফ থেকে বিমানবন্দর যাচ্ছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা। পথে আল-খুরমা এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। 

দুই প্রবাসীর মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনদের বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলোর আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। 

দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন। তিনি বলেন, ‘খবরটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।’

এর আগে গত জুন মাসে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরো একজন কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়। এবার আরো দুই প্রবাসীর মৃত্যুর খবর এলো। 


ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ