80
Sharesসিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ফের বাতিল হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বার চেম্বার নির্বাচনের তফসিল বাতিল হলো। এবারের তফসিল বাতিল করে সংগঠনটির সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আগেরবার তফসিল বাতিলের পর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল বাতিল ও প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখে আরেক আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও সদস্য তালিকা হালনাগাদ করবেন। এরপর নতুন করে নির্বাচনি তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ৪ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এবং ১ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়।
সবশেষ গত ১৭ আগস্ট সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ এবং ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে আপত্তি দাখিল। ১৭ সেপ্টেম্বর শুনানি ও নিষ্পত্তি শেষে ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীরা ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং ২৭ সেপ্টেম্বর দাখিলের দিন ধার্য করা হয়। ৩ অক্টোবর বাছাই শেষে বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা, বাতিল হওয়া মনোনয়নের ওপর ৬ অক্টোবর আপত্তি দাখিল এবং ১০ অক্টোবর শুনানি ও নিষ্পত্তির সূচি ছিল। ১২ অক্টোবর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৫ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশের পর ৫ নভেম্বর মূল ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে দ্বিতীয় দফায় নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে। এবার মোট ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে জানা গেছে।
দ্বিতীয় দফায় তফসিল বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়ার নিন্দা প্রকাশ করে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডিাস্ট্রির সাবেক সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘বারবার নির্বাচন স্থগিত বা বাতিল করার ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। অনেক সদস্য আর নবায়ন করবেন না বলে ক্ষোভ প্রকাশ করছেন। সরকারি কর্মকর্তার ওপর যেখানে ব্যবসায়ীদের আস্থা থাকছে না, সেখানে কোনো সিভিলিয়ান প্রশাসক কতটুকু পক্ষপাতহীন দায়িত্ব পালন করতে পারবেন, এমন প্রশ্ন থেকেই যায়।’ এবারও নির্বাচন বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ ব্যবসায়ীদের জানানো হয়নি বলে তিনি অভিযোগ করেন।
ওয়াইএফ/০১