162
Sharesশপথ নেওয়ার পরপরই গ্রেফতার হয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়া। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ভৈরবে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন কালিকাপ্রসাদ ইউনিয়নের একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গুলির অভিযোগে পুলিশ বাদী হয়ে চেয়ারম্যান লিটন মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে। এছাড়া অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। মামলার পর পলাতক ছিলেন লিটন মিয়া।
পরে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে আজ শপথ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের যান। শপথ নেওয়ার পর কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান লিটন মিয়ার ভাতিজা ফজলুল কবির বলেন, চাচা আজ শপথ নিতে কিশোরগঞ্জ ডিসি অফিসে এসেছিলেন। শপথের পর বের হলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, নির্বাচনের দিনের ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তাকেসহ আমাকে পুলিশ মামলায় মিথ্যা আসামি করেছে। কিশোরগঞ্জের ডিবি পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ভৈরবে ইউপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়।
এদিন জনতা পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চেয়ারম্যান লিটন মিয়াকে আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, লিটন মিয়াকে গ্রেফতারের খবর শুনেছি।