সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ০১ / ২০২৬


সিলেটে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ


14

Shares


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের ৪৮বিজিবির মিনাটিলা ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত শিষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তাঁর সিপাহী নম্বর-১১৪১০১। তিনি গত ২২ আগস্ট থেকে ৪৮ বিজিবি’র অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টা হতে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে কোনো এক সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল হাসান। বিষয়টি জানার পর সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বিওপিতে যান।

জৈন্তাপুরের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও  বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে অধিকতর তদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

তবে এ ঘটনায় ৪৮ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।


সিলেট প্রতিক্ষণ