সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুলাই / ২৯ / ২০২৬


সিলেটে শ্বশুরবাড়ি থেকে সাবেক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার


48

Shares


সিলেট নগরের বাগবাড়ি এলাকার একটি বাসা থেকে মনোজ কান্তি দাস (৫৮) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে বাগবাড়ির নরসিংটিলা এলাকার বসতবাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

মনোজ কান্তি সম্প্রতি মৌলভীবাজারে কর্মরত অবস্থায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে থেকে অবসরে যান। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোজ কান্তির স্ত্রী গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি শ্বশুরবাড়ির ওই বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে একাই বসবাস করতেন।

পরিবারের অন্য সদস্যরা নিচতলায় থাকতেন। মঙ্গলবার রাতে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার করা হয়।’ 

ওসি বলেন, ‘নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’ তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলে জানান ওসি।


ওয়াইএফ/০৪

সিলেট প্রতিক্ষণ