সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

অগাস্ট / ১৮ / ২০২৬


সিলেটে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু


93

Shares


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে এ উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরো ১১৫ জন। চলতি বছর এ নিয়ে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৮ জনে। 

মারা যাওয়া শিশুরা হচ্ছে-হবিগঞ্জ জেলার নোয়াখাল গ্রামের হৃদয় মিয়ার মেয়ে তাসমিন (৬ মাস ৮ দিন) ও বিশ্বনাথ উপজেলার জাহাঙ্গীর আলীর ছেলে তামিম (৯ মাস)। তারা যথাক্রমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জন। এর মধ্যে ১৩৬ জনই শিশু। যার মধ্যে ৬ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলায় ৫২ জন, হবিগঞ্জের ১৮, মৌলভীবাজারের ১৩ এবং সুনামগঞ্জ জেলার ৫৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১১৫জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৫ জন করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ১২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ১০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আরো ৩ জন ভর্তি হয়েছেন। 


সিলেট প্রতিক্ষণ