53
Sharesসিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে এ উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরো ৯৩ জন। চলতি বছর এ নিয়ে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৬ জনে।
মারা যাওয়া শিশুরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পুরারগাউ গ্রামের সাব্বির মিয়ার ছেলে রেজওয়ান আহমদ (৬ মাস) ও সুনামগঞ্জ সদর উপজেলা বাজার এলাকার একলাছুরের ছেলে ইব্রাহিম (৬ মাস) তারা দুইজনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
আজ সোমবার (৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। এর মধ্যে ১১৫ জনই শিশু। যার মধ্যে ৬ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জের ১২, মৌলভীবাজারের ১৩ এবং সুনামগঞ্জ জেলার ৫১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও ৩৭ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ৭ জন এবং রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন করে ভর্তি হয়েছেন।