সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

অগাস্ট / ০৩ / ২০২৬


সিলেটে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


112

Shares

সিলেটে নগরে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। সংগঠনের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২৫ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করা হয়।

রবিবার (২ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মুকিত বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে সিলেট সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিলেট জেলার উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে আনুমানিক ২০-২৫ জন নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে,’ সহ নানা স্লোগান দিতে থাকেন। এ ঘটনার একদিন পর ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীকে আসামি করে জালালাবাদ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করা হয়। 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

তিনি বলেন, ‘মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা বিক্ষোভ মিছিল বের করার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।’


ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ