97
Sharesহামের ছোঁবলে সিলেট বিভাগে প্রাণহানি অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে এবার তুবা নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে গত ৪ দিনের প্রতিদিন হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা ঘটল। পাশাপাশি বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তুবা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বকলাকারা গ্রামের মুসাহিদ মিয়ার মেয়ে।
বুধবার (১ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
তাদের প্রতিবেদনে দেখা গেছে, বুধবার সকাল পর্যন্ত পূববর্তী ২৪ ঘন্টায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৩ জন। যার মধ্যে ৮২ জনই শিশু। মৃতদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলায় ৩০ জন, হবিগঞ্জের ৬, মৌলভীবাজারের ১১ এবং সুনামগঞ্জ জেলার ৩৬ জন রয়েছেন।
এর আগে যথাক্রমে গতকাল মঙ্গলবার সিলেট নগরের করের পাড়ার ভনু দাশের ছেলে লক্ষণ সরকার (৩ মাস ১৮ দিন), এর আগে সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার গোদারগাওয়ের শাহিনুর ইসলামের মেয়ে তাহমিনা (৭ মাস) এবং সোমবার সুনামগঞ্জ সদর উপজেলা চাঁদপুর পাভেল আহমদের ছেলে ফারিয়ার (৭ মাস)।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২৩ জন ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৪ জনে।