সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২২ / ২০২২


politics

সিলেট কাউন্সিলর তৌহিদের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ


136

Shares

বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এর রায়নগর স্টাফ কোয়ার্টার জামে মসজিদ সম্প্রসারণের জায়গায় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ কর্তৃক নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কোয়ার্টারের সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) নগরীর রায়নগর গ্যাস স্টাফ কোয়ার্টারের সামনে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর সুপারভাইজার মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও আব্দুস সালামের পরিচালনায় এ সময় বক্তব্য দেন গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের ডিজিএম জিতেন্দ্র কুমার দাস, ব্যবস্থাপক আদনান আহমদ চৌধুরী, উপ-ব্যবস্থাপক শেখ ওবায়দুর রহমান, উপ-ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, রজব আলী, সহকারী প্রকৌশলী সুহেদ আহমদ, সহকারী হিসাব কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, ব্যবস্থাপক এনামুল হক, উপ-ব্যবস্থাপক সুদীপ চক্রবর্তী, আব্দুল লতিফ, সুপারভাইজার শাহ আলম ভূইয়া, বিল্লাল হোসেন, পার্থ সারথী চক্রবর্তী, আনোয়ার হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই জায়গাটি আামাদের মাস্টার প্ল্যান করা। এখানে মসজিদ ও ইমামদের বাসস্থানের জন্য আমরা স্থান নির্ধারণ করে রেখেছি। কিন্তু হঠাৎ করে কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ তড়িঘড়ি করে ডিপ টিউবওয়েল বসানোর ছলনা করে এই জায়গা দখলের পাঁয়তারা করছেন।

একজন জনপ্রতিনিধি হয়ে এ ধরণের ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার জন্য তার প্রতি আহ্বান জানাচ্ছি। বক্তারা বলেন, আমাদের এই জায়গায় অনুমতি না নিয়ে সরঞ্জাম ফেলে রেখে তারা কার্যক্রম চালানোর পাঁয়তারা করছেন। এই জায়গায় প্রায় ১০০টি গাছ অনুমতি ছাড়া এস এম শওকত আমীন তৌহিদ কর্তন করেছেন। স্টাফ কোয়ার্টার থেকে ৪টি মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়েছে।

নিরাপত্তার স্বার্থে গার্ড ওয়ালের প্রয়োজন ছিল। গত ৪ মাস থেকে ওয়াল করে দিচ্ছি, দেবো বলে সময় পার করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ঘটনাস্থলে গিয়ে মসজিদের জায়গার সামনের দেয়ালের দ্রুত কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন।

গত ১০ জানুয়ারি জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমদ মতিন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন।

সিলেট প্রতিক্ষণ