দেশজুড়ে



নিজস্ব প্রতিবেদক

জুলাই / ২৭ / ২০২৬


শিক্ষিকা বিউটি রানীর ঘটনায় ‘হচ্ছে না’ তদন্ত কমিটি


71

Shares


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিজের ফেসবুকে রিল পোস্ট করে ভাইরাল হওয়া স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের চিন্তা থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর কমিটি গঠন না করার দিকে হাটছেন তারা।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তার নিজের ফেসবুকে ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবার গাওয়া ‘আজ কেন মন, উদাসী হয়ে’ গানের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছিলেন। শাড়ি পরা সেই ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু করে একটি উগ্রবাদী গোষ্ঠী।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে যোগাযোগ করলে এমন চিন্তার কথা জানান সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ। 

তিনি কালের কণ্ঠকে বলেছেন, ‘আমরা ভাবছি তদন্ত কমিটি করব না। কী বলব, একজন শিক্ষিকাকে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। মাননীয় মন্ত্রী (প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পড়ুন) নিজেই রবিবার বলেছেন, ‘এখানে তো আমি কোনো অন্যায় দেখি না। একজন শিক্ষক গান গেয়েছেন এখানে তো অন্যায় দেখি না।’ মন্ত্রী মহোদয়ের বক্তব্যের পর আমাদের আর বলার কিছু নাই।’

কমিটি গঠনের সিদ্ধান ছিল কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমরা চিন্তাভাবনা করেছিলাম। কিন্তু আমরা আচরণ বিধিগুলো দেখেছি, তাতে এগুলো পড়ে না।’ এ ঘটনায় কোনো অন্যায় দেখছেন না জানিয়ে তিনি বলেন, ‘একটা মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় করা হয়েছে। আবার যদি প্রশাসনিকভাবে আমরা এটা দেখতে যাই, বিষয়টা কেমন হয়এ তাছাড়া তার কোনো অন্যায় তো আমরা দেখছি না। তিনি স্কুলের ক্ষতি করেননি, বাচ্চাদেরও ক্ষতি করেননি।’

গত বৃহস্পতিবার বিউটি রানী পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, জনপ্রিয় ব্যায়ন্ড দল ডিফারেন্ট টাচের গাওয়া ‘আজ কেন মন, উদাসী হয়ে’ গানের সঙ্গে ভিডিওতে তিনি স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছিলেন। শাড়ি পরা পরিপাটি অবস্থায় ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু করে একটি উগ্রবাদী গোষ্ঠী।

ভিডিওটি নেতিবাচকভাবে ভাইরাল করা হলে তিনি একটি গোষ্টির তোপের মুখে পড়েন। ভিডিও করার কারণে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ এই স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও ঘটনাটি তদন্ত করার ঘোষণা দেওয়া হয়। এমন পরিস্থিতি বিউটি রানী পাল তার ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেন। তখন বিউটি পালের পাশে দাঁড়ান তার সহকর্মী, লেখক, সাংবাদিকসহ নানা পেশার মানুষ। অনেকে একই গানের সঙ্গে নিজের ভিডিও আপলোড করে সহমর্মীতা জানাচ্ছেন। 

বিউটি পালের সঙ্গে সংহতি জানিয়ে অনেক শিক্ষক-শিক্ষিকা নিজেদের বিদ্যালয়ের সামনে তার মতো হেঁটে হেঁটে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে ফেসবুকে নিজের ভিডিও আপলোড করছেন। অনেকেই তার ছবি ভিডিও দিয়ে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন।

বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাংগুয়েজে অনার্স ও মাস্টার্স করেছেন। ২০২৬ সালে জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ছোটবেলা থেকেই গান, নাচ, বক্তৃতা, চিত্রাঙ্কন, খেলাধুলা, আবৃত্তিসহ কো-কারিকুলাম অ্যাকটিভিটিসে পারদর্শী।



ওয়াইএফ/০১

দেশজুড়ে