145
Sharesবিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সিলেটে ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী ও বিক্রির ব্যতিক্রমী আয়োজন করেছে সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস)।
আজ বুধবার (১৯ আগস্ট) বিশ্ব আলোকচিত্র দিবসে নগরের সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে শুরু হয়েছে তিনদিনব্যাপী এই প্রদর্শনী।
ব্যতিক্রমী এ প্রদর্শনী এক শিক্ষার্থীর মনযোগী কাড়ে। ছবি- দেশদর্পণ |
প্রদশর্নী ঘুরে দেখা গেছে, ব্যতিক্রমী এই প্রদর্শনীতে নানা বিষয়ের ৪০টি ছবি স্থান পেয়েছে। তাতে উঠে এসেছে প্রাণ-প্রকৃতি, সিলেটের ঐতিহ্য, সংস্কৃতিসহ নানা বিষয়বস্তু। উদ্বোধনের পর থেকেই ছবি প্রেমিরা প্রদর্শনী ঘুরে দেখছেন। রাস্তার পাশে হওয়ায় যাত্রা পথে অনেকে থমকে দাঁড়াচ্ছেন-ব্যস্ততার মধ্যেও দুদণ্ড থেমে উপভোগ করছেন আলোকচিত্রীদের ফ্রেমবন্দি করা সময়কে।
ব্যতিক্রমী এই প্রদশর্নী দেখতে আজ বেলা দেড়টার দিকে প্রদর্শনীস্থলে এসে হাজির হন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন যুগ্মসচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার। আলোকচিত্রের প্রতি তাঁর অনুরাগ অনেকেই জানেন। তিনি দীর্ঘ সময় নিয়ে প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।
প্রদর্শনী ঘুরে দেখছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। ছবি- দেশদর্পণ |
মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘প্রদর্শনীতে এসে খুব ভালো লাগল। আমাদের এই সাগরদিঘীরপাড় ওয়াকওয়ের অনেক সুন্দর একটা ব্যবহার হলো এমন আয়োজনের মাধ্যমে। নতুন করে এই জায়গাটার পরিচয় হলো।’
তিনি বলেন, ‘ফটোগ্রাফি আর্ট। পাশাপাশি এটা জ্ঞান ও দক্ষতার বিষয়। আমাদের সবার হাতে মোবাইল আছে, আমরা ক্যাপচার করি।ক্যাপচার ও ফটোগ্রফি এক নয়। এই যে ছবি দেখছেন সেগুলোর পেছনে যে ছিলেন তাকে অনেক কিছু মিলিয়ে একটা ছবি হয়।’
একেকটা আলোকচিত্র একেকটা গল্প উল্লেখ করে তিনি বলেন, ‘ফটোগ্রাফির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে দেখবেন-ছবি অনেক তথ্য দেয়, কথা বলে। প্রত্যেক ছবি একটা গল্প। এটা হুট করে চলে আসে না। এর জন্য নলেজটা অর্জন করতে হয়। বা কারো কাছ থেকে আয়ত্বে আনতে হয়।’
নগরের সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে চলছে আলোকচিত্র প্রদর্শনী। ছবি- দেশদর্পণ |
আয়োজন সম্পর্কে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আ ন ম জিয়া বলেন, ‘বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আমরা প্রদর্শনীর আয়োজন করেছি। কোনো আলোকচিত্র ভালো লাগলে যাতে সেটি সংগ্রহ করা যায় সেজন্য বিক্রিরও ব্যবস্থা রাখা হয়েছে।’
ওয়াকওয়েতে প্রদর্শনী আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যস্ত নাগরিক জীবনে সময় করে কোথাও প্রদর্শনীতে যাওয়া অনেকের জন্য সহজ হয়ে উঠে না, বিশেষ করে ছুটির দিন ছাড়া। যেকারণ আমরা এমন উদ্যোগ নিয়েছি যাতে সহজে ঘুরে যেতে পারেন যে কেউ।’
প্রদশর্নী আগামী ২১ আগস্ট শুক্রবার পর্যন্ত চলবে বলে ্আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওয়াইএফ/০৭