72
Sharesজুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত দুই দফা দাবি মধ্যে রয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহীদ রুদ্র সেনের স্মরণে ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রজ্ঞাপন জারি করা এবং ৫ আগস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা; দ্বিতীয়ত "শহীদ রুদ্র সেন লেক"-এর স্থায়ী ও নান্দনিক নামফলক স্থাপন করা। একইসঙ্গে লেকের অস্তিত্ব রক্ষায় পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, সৌন্দর্যবর্ধন এবং ক্ষতিকর কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করা।
সমাবেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে শাবিপ্রবির একমাত্র শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণের দাবিতে দুই বছর ধরে আন্দোলন করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। রুদ্র সেন কেবল একজন শহীদ নন, তিনি আমাদের ঐক্যের প্রতীক। গত ১৮ জুলাই তার আত্মত্যাগ আন্দোলনকারীদের শোককে শক্তিতে পরিণত করেছিল। আমরা আর অপেক্ষা করতে চাই না; নির্দিষ্ট সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নের স্পষ্ট আশ্বাস চাই।"
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল মাহমুদ বলেন, "যাঁরা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন, তাঁদের উপযুক্ত মর্যাদা না দিলে ভবিষ্যতে অন্যায়ের প্রতিবাদে কেউ এগিয়ে আসার সাহস পাবে না। রুদ্র সেনের পরিবারের আক্ষেপের কথা আমরা শুনেছি। অবিলম্বে শহীদ রুদ্র সেনের নামে স্থায়ী স্মৃতিফলক স্থাপন ও যথাযথ সম্মান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"
উল্লেখ্য, শহীদ রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার মুখে খালে পড়ে তাঁর মৃত্যু হয়।
এইচএইচ-০১/ওয়াইএফ-০৪