দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৪ / ২০২২


play news

‘ওরে হাদিসুররে, কাফনের কাপড় পইরা তুই কেন আইলিরে’


157

Shares

ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ দেশে এসেছে।

নিহত হওয়ার ১১ দিন পর আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে তাঁর মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭২২ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বলে জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।

হাদিসুর রহমানের মরদেহ নিতে সকালেই বিমানবন্দরে হাজির হন স্বজনেরা। বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে তাঁরা অপেক্ষা করছেন। হাদিসুর রহমানের খালা শিরিন আখতার মমতাজ বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি হাদিসুরের নাম ধরে শোকে বিলাপ করছিলেন। তাঁর সঙ্গে হাদিসুরের সর্বশেষ কথা হয় গত ২৮ ফেব্রুয়ারি রাতে।

মমতাজ বলেন, ‘ওরে বাবা, কাফনের কাপড় পইরা তুই কেন আইলিরে? ওরে বাবারে, ওরে হাদিসুররে, এর আগে আসার পর কইছি তুই বিয়া কইরা যা। ২৮ ফেব্রুয়ারি রাতে আমারে কয়, খালামণি, তুমি মাইয়া দেইখা রাইখো। আমি আর অমত করমু না। আমি আইসা বিয়া করমু।’ বিমানবন্দরের মরদেহ গ্রহণ করতে ৮ নম্বর গেটের ভেতরে ঢুকেছেন হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা ও চাচা হারুন অর রশীদ।

হাদিসুরের চাচাতো ভাই সোহাগ হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এবার দেশে এসে হাদিসুরের বিয়ে করার কথা ছিল। আমার ভাই ফিরল লাশ হয়ে।’ স্বজনেরা জানান, কাল মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের বাড়িতে হাদিসুরকে দাফন করা হবে। ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে হামলায় নিহত হন হাদিসুর রহমান।

এরপর বন্দরটির আশপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের সহায়তায় ৩ মার্চ জাহাজে থাকা ২৮ নাবিককে উদ্ধার করে তাঁদের ইউক্রেনের বাংকারে সরিয়ে নেওয়া হয়েছিল। ৯ মার্চ ২৮ নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। জাহাজটির ২৯ জন নাবিক ও প্রকৌশলীর মধ্যে ২৮ জন নিরাপদে দেশে ফিরলেও হাদিসুরকে ফিরতে হয়েছে লাশ হয়ে।

হাদিসুরের মরদেহ গতকাল রোববার টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসার কথা থাকলেও ইউরোপে তুষারপাত থাকার কারণে নির্দিষ্ট ফ্লাইট সিডিউলটি বাতিল করা হয়েছিল বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের ওই চিঠিতে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে তাঁদের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে দ্রুত পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। শিপিং করপোরেশনের মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি ২৯ জন নাবিক ও প্রকৌশলীকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

গত ২৪ ফেব্রুয়ারি সেখানেই অবস্থান করছিল জাহাজটি। ওই দিন ভোরেই রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। হামলার সপ্তম দিনে বাংলাদেশি জাহাজে গোলার আঘাতের ঘটনা ঘটেছিল, যাতে হাদিসুরের প্রাণ যায়।

দেশজুড়ে