জাতীয়



দেশদর্পণ ডেস্ক

সেপ্টেম্বর / ২০ / ২০২৬


ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার


83

Shares


জামায়াত থেকে বহিষ্কৃত এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরদেহটি পাওয়া যায়।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ দেখতে পায় পাশের ফ্ল্যাটের বাসিন্দারা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

জামায়াত ও এনসিপির কয়েকজন সংসদ সদস্য আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের। তবে ঘটনাটি রহস্যজনক বলছে খোদ পুলিশ এবং ন্যাম ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেছেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। মরিয়মের মরদেহ কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল।

তিনি বলেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত জুলাইয়ে সোশ্যালে ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। তবে ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে ঘটনার কয়েকদিন পর থেকে মরিয়মসহ গাজী নজরুল বসবাস করে আসছিলেন।


ওয়াইএফ/০৪

জাতীয়