দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৯ / ২০২২


flim

করোনায় দৈনিক শনাক্ত তিন হাজারের নিচে


147

Shares

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও একটু কমেছে। গত এক দিনে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজারের নিচে নেমে এসেছে। পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমেছে ১০ শতাংশের নিচে। এ ছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু-দুটোই কমেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতিসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশ থেকে ২৭ হাজার ৬৯২টি নমুনা সংগ্রহ করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে পূর্বে জমা কিছু স্যাম্পলসহ ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় নতুন করে আরও দুই হাজার ৫৮৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ২৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১১ জানুয়ারি। সেদিন দুুই হাজার ৪৫৮ জনের সংক্রমণ ধরা পড়েছিল।

এরপর ১৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যায়। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯৩১ জনের প্রাণ গেছে এ মহামারিতে। তবে সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৯ হাজার ৯৮৮ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৯ দশমিক ৩১ শতাংশ হয়েছে।

আগের দিন এই হার ১০ দশমিক ২৪ শতাংশ ছিল। সর্বশেষ এই হার ১০ শতাংশের নিচে ছিল ১২ জানুয়ারি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৭৬৪টি নমুনা। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে আবার সংক্রমণ দ্রুত বাড়তে থাকে।

গত ১২ জানুয়ারি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি তা পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায়। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং সাতজন নারী। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহীতে দুজন, খুলনায় একজন, সিলেটে তিনজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন। বাকি ১৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে।

দেশজুড়ে