দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৭ / ২০২২


sylhet city

গোপালগঞ্জের সেই ধর্ষকদের প্রতীকী ফাঁসি, প্রতিবাদী মিছিল


189

Shares

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে ৪র্থ দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

রোববার শিক্ষার্থীরা ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর করেন। পরে তারা প্রতিবাদী মিছিল বের করেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের সামনে বিচারের দাবিতে ৪র্থ দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দিনের শুরুতে সকাল ১০টায় সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা পূর্বের ন্যায় ধর্ষণকারীদের শাস্তির দাবি জানান। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও উপাচার্যের ওপর বর্বর হামলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনাসহ শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দাবি জানান।

পরে সকাল ১১টায় গণধর্ষণের মত জঘন্যতম ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জ জেলা পরিবার। এসময় শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুর ১২ টার দিকে ধর্ষকের প্রতিকী ফাঁসি এবং প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের এ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। জানা গেছে, রোববার বিকাল ৪টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী মঞ্চ নাটক এবং সন্ধ্যা আলোক মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিকাল ৩ টায় অনাবাসিক গোপালগঞ্জের মেস/বাসা মালিকদের সাথে উপাচার্য ড. এ কিউ এম মাহবুব আলোচনা করবেন। প্রসঙ্গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে।

যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

দেশজুড়ে