সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুলাই / ৩০ / ২০২৬


এনসিপির কর্মসূচিকে ঘিরে সিলেটের ৬ উপজেলায় বিজিবি মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিসির’র চিঠি


89

Shares


সিলেটে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের ছয় উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। বুধবার (২৯ জুলাই) এ চিঠি পাঠানো হয়েছে।

বুধবার রাত পৌঁনে ১২টার দিকে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় সে কারণে ছয়টি উপজেলায় বিজিবি চেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এজন্য আমরা চিঠি দিয়েছি।’

জানা গেছে, সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠির রিপ্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ও পরদিন শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে।’

আগামী বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার আয়োজনে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনে জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, সিলেট জেলার ছয় উপজেলা জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও ওসমানীনগরে এসব কর্মসূচি পালিত হবে। এর মধ্যে  বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা ও সন্ধ্যা ৭টায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যথাক্রমে বিকাল ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করার কথা রয়েছে। 

এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এনসিপির সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ। তিনি বলেন, ‘বৃহস্পতিবার জেলার তিন উপজেলায় এবং পরদিন আরো তিন উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এদিকে মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি এনসিপির : এদিকে উদ্বুত পরিস্থিতিতে বুধবার সিলেটে সংবাদ সম্মেলন করেছে এনসিপি সিলেট জেলা শাখা। সংবাদ সম্মেলনে দলটির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ বলেছেন, ‘দেশে কোনো ধরনের মব হতে দেওয়া হবে না বলে কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সমপ্রতি সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।’ তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার। কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।’ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জুনেদ আহমদ জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটের কয়েকটি উপজেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে। 


সিলেট প্রতিক্ষণ