47
Sharesহবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জেও হামলার শিকার হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কানাইঘাট যাওয়ার পথে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তির তারেক জামিলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অন্তত ৪টি গাড়িতে ভাংচুর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাগঞ্জের পাঁচমাইল এলাকায় তাদের গাড়ি হামলার শিকার হয়।
এনসিপির সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ হামলার ঘটনার বর্ণনা দিয়ে দেশদর্পণকে বলেন, ‘আমাদের গাড়িবহর পাঁচমাইল এলাকায় পৌঁছালে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল গতিরোধ করে। রড ও দেশিও অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। এসময় আমার গাড়ি, সার্জিস আলম, আতিফ মুজাহিদ ও ডা. মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।’
গোলাপগঞ্জে হামলা ও ভাংচুরের শিকার দুটি গাড়ির ছবি পোস্ট করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু। |
হামলায় যুবশক্তি সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল আঘাত প্রাপ্ত হন জানিয়ে তিনি বলেন, ‘হামলায় তিনি চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।’
হামলার শিকার হওয়া এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ভাঙচুরের শিকার দুটি গাড়ির ছবি পোস্ট করে তার ফেসবুকে লিখেছেন, ‘শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করলো বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সারজিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম।’ মিতু বলছেন, ‘এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের, পিছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে।’
ঘটনার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। পোস্টে তিনি লেখেন, ২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) শাহ আলম। তিনি জানান, নির্ধারিত এক বাসায় দুপুরের খাবারের উদ্দেশ্যে যাওয়ার পথে এনসিপির গাড়িবহর পাঁচ মাইল বাজার এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে।
এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। সেখান থেকে গোলাপগঞ্জে কর্মসূচিতে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।
এনসিপির সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিতে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ অভিযোগের বিষয়ে যুবদল ও ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বলেন, ‘ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তা (এসকর্ট) দিয়ে কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ওয়াইএফ/০২