191
Sharesগাজীপুর মহানগরীর পূবাইলে চিকিৎসক সেজে জটিল রোগের চিকিৎসা ও প্রতারণা করার অভিযোগে সেই ভুয়া ডাক্তার রবিউল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। রোববার ‘পূবাইলে ডিগ্রি ছাড়াই বড় ডাক্তার’ শিরোনামে যুগান্তর অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়।
এরপর ওই রাতেই রবিউলকে পূবাইলের মেট্রোপলিটন থানার মিরেরবাজার এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। সোমবার তাকে পূবাইল মেট্রোপলিটন থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুরে এক প্রেস রিলিজে পূর্বাচল র্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। রবিউল ইসলাম দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর নওখৈর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
তিনি মিরেরবাজারে ভাড়া বাসায় থেকে স্থানীয় মিরেরবাজারে ফার্মেসি খুলে ডাক্তার সেজে প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন ধরে। র্যাবের প্রেস বিজ্ঞপিতে বলা হয়, রোববার রাত সাড়ে ৯টার দিকে পূবাইল মিরেরবাজার থেকে রাফী ফার্মেসির কর্ণধার ও ভুয়া ডা. রবিউলকে গ্রেফতার করে র্যাব। গাজীপুরের মহানগরীর পূবাইল থানার মিরেরবাজার মেডিকেল রোডের দীপু মার্কেটের ‘রাফি ফার্মেসি’ নামে ওষুধের দোকানে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে প্যাড তৈরি করে চেম্বার খুলে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া ডাক্তার পরিচয়দানকারী প্রতারক মো. রবিউল ইসলামকে গ্রেফতার করে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা দিয়ে আসছেন। ডাক্তারি ভিজিট বাবদ অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছেন।