448
Sharesটানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বুধবার (৫ এপ্রিল) ১১টার দিকে কলকাতার রাজভবনে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকর শপথ বাক্য পাঠ করান। এ সময় তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে সোয়া ১০টায় কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে রাখা সংক্ষিপ্ত বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার জনগণ অশান্তি পছন্দ করে না। আমি বাংলায় কোনও অশান্তি হতে দেব না।' এ সময় তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'কেউ বাংলায় অশান্তি সৃষ্টির পায়তারা করলে তাকে কঠোর হস্তে দমন করতে আমি পিছপা হব না।'
শপথ নিয়েই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জানান, তার প্রথম কাজ রাজ্যে করোনা সংক্রমণ পরিস্থিতির মোকাবিলা করা। সীমিত অতিথিদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে সকলের কাছে দুঃখ প্রকাশ করে মমতা বলেন, 'সবাইকে নিয়ে শপথ অনুষ্ঠানের ইচ্ছা ছিলো কিন্তু মহামারির কারণে তা সম্ভব হলো না। এদিকে, করোনা মহামারির কারণে আজকের শপথগ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে আয়োজন করা হয়েছে। শপথ অনুষ্ঠানে মাত্র ৫০ জনকে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
এই তালিকায় নাম ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আমন্ত্রণ পান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও। অপরদিকে, দলীয় কর্মীদের উপর 'হামলা'র প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।