11
Sharesসিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে মাস্কটের উদ্দেশ্যে উড়াল দিয়েছে সালাম এয়ারের ফ্লাইট। এর মাধ্যমে প্রায় আট বছর পর ফের সিলেট থেকে চালু হলো বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট। এখন থেকে সপ্তাহে তিন দিন সরাসরি সিলেট-মাস্কট ফ্লাইট পরিচালনা করবে এই এয়ারলাইন্সের ফ্লাইট।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৯টা ২৩ মিনিটের দিকে সিলেট থেকে মাস্কটের উদ্দেশ্যে রওয়ানা দেয় সালাম এয়ারলাইয়েন্সের ফ্লাইট। এর আগে সিলেট এসে পৌঁছালে বিমানবন্দরের পক্ষ থেকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়।
এসব তথ্য দেশদপর্ণ-কে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ। তিনি বলেন, ‘সকালে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে বিমানবন্দরের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সকাল ৯টা ২৩ মিনিটের দিকে যাত্রী নিয়ে সালাম এয়ারের ফ্লাইট মাস্কটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।’
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের যাত্রা প্রথম শুরু হয়েছিল ২০১৫ সালের ১ এপ্রিল। সেসময় দুবাইভিত্তিক ফ্লাই দুবাই সিলেট-দুবাই পথে ফ্লাইট চালু করে। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে সংস্থাটি সিলেট থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর গত আট বছরে বিদেশি কোনো এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করেনি।
ওয়াইএফ/০১