345
Sharesকরোনার দ্বিতীয় ঢেউ পার করছে দেশ। সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস বেশি ছড়াচ্ছে। করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই বয়স্ক।
বিশেষজ্ঞরা প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখতে পাচ্ছেন, ষাটোর্ধ্বরাই বেশি মৃত্যুবরণ করছেন। তাদের মধ্যে ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগী বেশি। তবে করোনার নতুন যে ধরন এসেছে, তাতে তরুণরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে। এই শঙ্কার সিলেটজুড়ে মধ্যে আবারও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে মোট শনাক্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে।
সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট জেলার চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগে আরও ১১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ১৪২ জন রোগী। নতুন শনাক্তদের মধ্যে ৮৫ জনই সিলেট জেলার বাসিন্দা।
এছাড়া সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলার ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১৪ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৪৮ জন।
এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৭১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৯৮ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৫৫ জন রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত ৩১৯ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৭ হাজার ৯৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৫৪১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৫৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত ৩০৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ২ জন করে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১৪২ জন। এ সময়ে সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।’